রাষ্ট্রপতি আবদুল হামিদ পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট বুধবার ভোর পৌনে ৬টায় (সৌদি আরবের স্থানীয় সময়) বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বাসস এ কথা জানান।
বিমানবন্দরে মক্কার ডেপুটি গভর্নর ড. ইকাব আল-লুবাইয়েক, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ও জেদ্দায় বাংলাদেশের কন্সাল জেনারেল এ কে এম শহীদুল করিম রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
পরে রাষ্ট্রপতিকে রাজকীয় মোটর শোভাযাত্রাসহকারে মক্কা অতিথি প্রাসাদে নেয়া হয়। রাতে তিনি এখানে অবস্থান করবেন। আবদুল হামিদ আজ বুধবার ওমরাহ পালন করবেন।
এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে রাষ্ট্রপতি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কূটনৈতিক কোরের ডিন, ৩ বাহিনীর প্রধান এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতি আগামী ১০ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা ত্যাগের আগে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
হজ পালনকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ও জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করবেন।
জেআই





