প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে মাটির দেয়াল ধসে জয়পুরহাটের পাঁচবিবিতে মা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশিয়া চাপড় গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, কাশিয়া চাঁপড় গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম (৩০) ও তাদের এক বছরের ছেলে আমান উল্লাহ।
স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার সকালে প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে আজিজুলদের মাটির দেয়াল ধসে পড়ে। এসময় দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম সেলিম জানান, খবর পেয়ে জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, সদর উপজেলার ইউএনও মিজানুর রহমান,
নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আবু রায়হান দোলন ও পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এনডিসি আবু রায়হান দোলন বলেন, লাশ দাফনের জন্য প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা সরকারি অনুদান দেয়া হবে।
পরে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখার পক্ষ থেকে আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





