রাজশাহী মহানগরীর খড়বোনা এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে তিনি গোসল করতে নদীতে গিয়েছিলেন। এখনো সন্ধান মেলেনি।

ফারুক হোসেন নগরীর বোয়ালিয়া থানার রানীনগর হাদির মোড় এলাকার জুম্মন আলীর ছেলে। তিনি গোসল করতে পানিতে নেমে তলিয়ে গেছেন বলে আশঙ্কা করছেন তার পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের নেতা নুরুন্নবী জানান, গোসল করতে গিয়ে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সন্ধ্যার আগে তাদের খবর দেন।

তিনি আরও জানান, এরপর সন্ধ্যা ৬টার দিকে তারা ওই এলাকায় গিয়ে পদ্মা নদীতে সন্ধান চালান। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে রাত ৯টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ শনিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

এমবি