মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী বাজারসংলগ্ন ক্ষতিগ্রস্ত বেইলি সেতু ভেঙে ১৫ দিনের মধ্যে নতুন সেতু নির্মাণের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি ১৫ দিনের মধ্যে জেলার সব ঝুঁকিপূর্ণ বেইলি সেতু মেরামতের নির্দেশ দেন তিনি।
শুক্রবার ক্ষতিগ্রস্ত ওই বেইলি সেতুটি পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের এসব নির্দেশ দেন।
গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে আলুবোঝাই একটি ট্রাক সেতুটি পার হচ্ছিল। এসময় ট্রাকের চাকাসহ একটি পাটাতন দেবে গিয়ে ট্রাকটি কাত হয়ে সেতুর রেলিংয়ের ওপর পড়ে। এতে রেলিংয়ের পাশে থাকা পথচারী আবুল কালাম চাপা খেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। রাত একটার দিকে ট্রাকটি সেতুর ওপর থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে সেতুর একপাশ দিয়ে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চললেও ভারী যান চলাচল বন্ধ রয়েছে।
বেইলি সেতু ভেঙে পথচারী নিহত হওয়ার খবর পেয়ে দুপুর ১২টার দিকে সেতুটি পরিদর্শন করতে যান যোগাযোগমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘১৫ দিনের মধ্যে জরাজীর্ণ এই বেইলি সেতু ভেঙে নতুন বেইলি সেতু নির্মাণ করতে আমি নির্দেশ প্রদান করছি। এর মধ্যে সেতু নির্মাণ করা হয়েছে কি না, সে জন্য আমি মাঝখানে একদিন এসে দেখে যাব।’ ১৫ দিন পর সেতু নির্মাণকাজ শেষ হলে তিনি এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান।
যোগাযোগমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘এ সেতুটি যে এতটা খারাপ, আমাকে এর আগে কেউ বলেনি।’ এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মো. মুসা, মুন্সিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন প্রমুখ।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





