জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি রাইস মিলে বয়লার বিস্ফোরণে মিন্টু (৩৫) ও আব্দুল করিম (৪৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আরও দুইজন।

রবিবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বঘাডুবা গ্রামের মেসার্স কেয়া অটোরাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে মেলান্দহ থানার ওসি আজিজুর রহমান জানান, সকাল ১০টার দিকে বাঘাডুবার মেসার্স কেয়া অটোরাইস মিলের একটি বয়লার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই কর্মরত দুই শ্রমিক মারা যান। এসময় আহত হন আরও দুইজন। আহতদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ঘটনার পর থেকে কেয়া অটোরাইস মিলের মালিক আবুল কালাম পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।