পঞ্চগড়ে নাশকতা ঠেকাতে রাত ১০টার পর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।
এছাড়া দিনের বেলা মোটরসাইকেলে একাধিক আরোহীর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার দিবাগত রাত থেকেই এ নিয়ম চালু হওয়ার কথা রয়েছে।
গত দু’দিনে জেলা শহরের মিঠাপুকুর ও বোদা উপজেলার বগদুলঝুলা এলাকায় তিনটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জরুরি এ সভা আহ্বান করে জেলা প্রশাসন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে এ সভায় পুলিশ সুপার আবুল কালাম আজাদ, বিজিবির ঠাকুরগাঁও অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল মো. আকরামুল হক, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক লে. কর্নেল আরিফুল হক, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা মুন্তাজেরী দীনা, অন্যান্য উপজেলার নির্বাহী কর্মকর্তারা, মোটরমালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেআই





