সিটি করপোরেশন নির্বাচনের দিন পুরো ঢাকা মহানগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, এজন্য নিরাপত্তার সবরকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

সোমবার দুপুরে কৃষিবিদ ইনিস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। নির্বাচন কমিশন এই মতবিনিময় সভার আয়োজন করেছে। আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর এবং দক্ষিণ এই দুভাগে মহানগরীতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আছাদুজ্জামান বলেন, নির্বাচনের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সে জন্য পুলিশ সব রকম সহযোগিতা দেবে। ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরে কাজ করবে পুলিশ। সাদা পোশাকেও মাঠে থাকবে পুলিশ।

ডিএমপি কমিশনার আরো বলেন, মহানগরে কোনো পুলিশ কোন প্রার্থীর পক্ষ হয়ে কাজ যাতে না করে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশ নিরপেক্ষ ভূমিকায় থেকে ভোটারদের নিরাপদে ভোট দিতে সহায়তা করবে। পুলিশের বিরুদ্ধে কোন ধরনের অনিরপেক্ষতার অভিযোগ উঠলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভোট কেন্দ্রগুলোতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ কিংবা অস্থির পরিবেশ সৃষ্টি করার সুযোগ না পায় সে জন্য চিহ্নিত সন্ত্রাসী, মাস্তানদের তালিকা তৈরি করা হচ্ছে। ভোটের আগে তাদের আইনের আওতায় আনা হবে।

এজন্য ভোট কেন্দ্রগুলোর আশেপাশের সচেতন নাগরিক এবং প্রার্থীদের সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার।

এআর