নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উদ্ধার হওয়া লাশটি দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামের (৪২), যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন তার বড় ভাই নওশাদুল ইসলাম ও দৃক গ্যালারির উপ মহাব্যবস্থাপক রেজাউর রহমান।
লাশের ময়নাতদন্তকারী আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, তার মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গলায়ও আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মাথায় আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান জানান, শনিবার বিকেলে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে লাশটি উদ্ধারের পর অজ্ঞাত পরিচয় হিসেবে ময়নাতদন্তর জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতল মর্গে পাঠায়। পরে হাসপাতালে এসে লাশ শনাক্ত করে তার পরিবার।
দৃক গ্যালারির উপ-মহাব্যবস্থাপক রেজাউর বলেন, ইরফানুল ইসলাম দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। শনিবার ধানমণ্ডি ৮ নম্বরের ডাচ বাংলা ব্যাংক থেকে তিন লাখ টাকার তোলার জন্য যান। ব্যাংক থেকে বের হওয়ার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করি।
উল্লেখ্য যে, সাপ্তাহিক ছুটির দিন হলেও ডাচ বাংলা ব্যাংকের ধানমণ্ডির ওই শাখা শনিবার দুপুর ২টা পর্যন্ত খোলা থাকে।
এমআইএস।





