১৩ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করা হয়। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে তার জয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে দীর্ঘদিন ধরে বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে থাকা ফখরুলের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে দলের ভেতরে-বাইরে আগ্রহ তৈরি হয়েছে।
তবে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, এখনো পর্যন্ত মহাসচিব পদে কাউকে চূড়ান্ত বা আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের স্থায়ী মহাসচিব নির্বাচিত হন। কাউন্সিলের আগে কোনো নেতাকে সাময়িক বা ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে।
দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীই গঠনতন্ত্র ও প্রোটোকল অনুযায়ী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার কথা।
তিনি বলেন, ‘মহাসচিব হওয়ার মতো যোগ্য তো অনেকেই আছেন। প্রশ্নটা হলো—নিয়ম অনুযায়ী আপাতত রুহুল কবির রিজভী হওয়ার কথা।’
তবে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে শেষ পর্যন্ত কে দায়িত্ব পাবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত হয়নি।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীর নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে মাঠপর্যায়ে সক্রিয় থাকার কারণে তার প্রতি দলের একটি বড় অংশের সমর্থন রয়েছে বলে মনে করা হচ্ছে।
রিজভী নিজেও জানিয়েছেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তিনি বলেন, ‘আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। পার্টি যেটা সিদ্ধান্ত নেবে, সেটার জন্যই অপেক্ষা করে আছি।’
রিজভী আরও বলেন, কখনো কাউন্সিলের মাধ্যমে এবং কখনো কাউন্সিল ছাড়াও মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে।
রিজভী ছাড়াও বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য মহাসচিব হিসেবে বিভিন্ন মহলে আলোচনায় এসেছে। এর মধ্যে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এবং হাবিব উন নবী খান সোহেলের নামও বিভিন্ন গণমাধ্যমে এসেছে।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, দলের ভেতরে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন নাম শোনা যায়। গণমাধ্যমেও সেসব নাম আসে। কিন্তু দলীয় ফোরামে এখনো মহাসচিব পদ নিয়ে আলোচনা হয়নি।
বিএনপির একাধিক সূত্রের ভাষ্য, আপাতত রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেতে পারেন। পরবর্তী জাতীয় কাউন্সিলে অথবা তার আগেও পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে।
তবে শেষ পর্যন্ত কে মহাসচিব হবেন, সেটি মূলত দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন দলের নেতারা।
ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আপাতত রিজভীর দায়িত্ব নেওয়ার সম্ভাবনাই বেশি হলেও পূর্ণাঙ্গ মহাসচিব কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
এস