শনিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করা। এ জন্য উচ্চশিক্ষাব্যবস্থাকে সমন্বিত ও সামগ্রিকভাবে সাজাতে হবে, যাতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে সক্ষম মানবসম্পদ গড়ে ওঠে এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব কমে আসে।
দেশের বিভিন্ন শিল্প-কারখানা, করপোরেট প্রতিষ্ঠান ও বিশেষায়িত সংস্থায় কাজের জন্য বিদেশ থেকে কর্মী আনতে হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অথচ দেশে অসংখ্য উচ্চশিক্ষিত তরুণ বেকার রয়েছেন। এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক ও উচ্চমানের শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
একই সঙ্গে শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত ও কর্মক্ষম কর্মী গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
সাক্ষাৎকালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়টিকে অনেকটা দাতব্য ও অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালনার চেষ্টা করা হচ্ছে। প্রতিবছর গড়ে প্রায় ৩২ কোটি টাকা মেধাবী, অসচ্ছল ও বিশেষ কোটার শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ ও বৃত্তি হিসেবে দেওয়া হয়।
এ সময় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব, সদস্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
এস
















