সান গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ কারখানা খুলে দেয়ার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা বলেন, পুরান ঢাকার কোতয়ালী থানায় অবস্থিত সান গার্মেন্টস গত ৪ এপ্রিল বেআইনি ভাবে কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। যদিও শ্রমিকদের মার্চ মাসের বকেয়া বেতন এবং আইনানুগ পাওনাদি পরিশোধ করে নাই।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ৪ এপ্রিল বিজিএমইএ তে লিখিত অভিযোগ দায়ের করা হয় এছাড়াও আমরা শ্রম মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রনালয়, স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও শ্রম পরিচালক কলকারখানা পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে অদ্যাবদি আমাদের সাথে সংশ্লিষ্ট কোন কর্তৃপক্ষই সমাধানের উদ্দ্যোগ বা আলোচনা করে নাই।

বক্তারা অবিলম্বে সান গার্মেন্টস খুলে দেয়া এবং শ্রমিকদের বকেয়া বেতন ও আইনানুগ পাওনাদি পরিশোধের ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার, মালিক ও বিজিএমইএর প্রতি জোর দাবি জানান।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি নুরুন নাহারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন কেন্দ্রীয় নেতা মো. ইলিয়াস, গার্মেন্টস শ্রমিক নেত্রী মুক্তা ও বিল্লাল প্রমুখ।

এমএ/ এআর