গাইবান্ধার পলাশবাড়ীতে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ওই বৃদ্ধের নাম ছবেদ আলী।

সোমবার বিকেলে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার সকাল ১১টার দিকে তালুকজামিরা গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে প্রতিবেশী ছবেদ আলী কৌশলে বাড়ির পাশে কচুক্ষেতে নিয়ে যান এবং ধর্ষণ করেন।

এ সময় ছাত্রীর চিৎকার ঠেকাতে ছবেদ আলী তার মুখ চেপে ধরেন এবং ভয়ভীতি দেখান।

ঘটনাটি পরিবারের এক সদস্য টের পেলে ছবেদ আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে টাইমনিউজবিডিকে জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

তিনি আরো জানান, শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে মঙ্গলবার গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠানো হবে।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই