রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে আহত দুই যুবলীগ কর্মীর মধ্যে একজন মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী আজ শনিবার সকালে টাইমনিউজবিডিকে জানান, গতকাল রাত ১১টার দিকে এজিবি কলোনির আইডিয়াল জোন এলাকায় কয়েকজন দুর্বৃত্তের গুলিতে আহত হন ইমন ও বাবু নামে যুবলীগের দুই কর্মী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ।
গুলিবিদ্ধ দুইজনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বাবুর অবস্থার অবনতি ঘটলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়ার জন্য তাঁকে বেসরকারি অ্যাপোলো হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে সেখানে নেওয়ার পথেই মারা যান তিনি।
এ ঘটনার পেছনে কী কারণ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পরিদর্শক গোলাম রব্বানী। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এমবিএইচ





