নদী ও সমুদ্র ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে উপকূলীয় ভূমি রক্ষার দাবিতে শুক্রবার সকালে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এনজিও কোস্ট ট্রাস্ট, দুঃস্থ সমাজ কল্যান সংস্থা, আঙ্গিনা মহিলা সমিতি, বাসা, চামেলি মহিলা কল্যাণ সমিতি, অসহায় মহিলা সমিতি, উন্নয়ন ধারা ট্রাস্ট এ মানববন্ধন কর্মসূচি পালন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় এক পথ সভায় বক্তৃতা করেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুচ, মোবাশ্বির উল্যাহ চৌধুরী, নুরুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, আজ ২৯ এপ্রিল আমরা স্মরণ করি প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের কথা। যেখানে প্রায় এক লাখ ৪০ হাজার উপকূলবাসী চিরতরে হারিয়ে যায় লোনা জলের আঘাতে। ক্ষতি হয় ফসলী জমি, বসতবাড়ি, হবাদি পশু, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো।
১৯৯১ সালের এ দিনটি উপকূলবাসী কখনো ভুলবেনা। গত প্রায় ২৫ বছরে ঘূর্ণিঝড় জলোচ্ছাসে এতা সংখ্যক মানুষের মৃত্যু না হলেও এর প্রায় কয়েকগুন মানুষ উপকূলীয় জেলা বিশেষ করে ভোলা ও কক্সবাজার থেকে নদী ও সমুদ্র ভাঙনের ফলে সবকিছু হারিয়ে নিঃস্ব অবস্থায় চিরতরে চলে এসেছে ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য শহরগুলোতে। তারা আরো বলেন, কুতুবদিয়া পাড়া, মহেশখালী পাড়া, কিংবা ভোলা বস্তির মানুষেরা এ ২৫ বছরেও ফিরে যেতে পারেনি নিজ ভূমিতে। বরং এ ধারা অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিন সমুদ্র ভাঙন আর নদী ভাঙনের শিকার দরিদ্র, মানুষের ঢল থেমে নেই।
এআই





