একইস্থানে একই সময়ে মানববন্ধন কর্মসূচি আহবান করায় সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার সকাল ৯টায় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান ১৪৪ ধারা জারি করেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধারা বহাল থাকবে।

জানা গেছে, ছাতকের সরকার দলীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গ্রুপ ও ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী গ্রুপ একই জায়গায় একই সময়ে মানববন্ধন কর্মসূচি আহবান করে।

এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় জাউয়া বাজারে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরে এ বিষয়ে এলাকায় মাইকিং করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হারুণ অর রশীদ বলেন, জাউয়া বাজারে সকাল ৯টা থেকে ১৪৪ ধারা জারি পর পুলিশ মাইকিং করেছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

এআর