বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এর ফলে সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদফতরের শনিবার ঘোষিত সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে সাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় ‘নাডা’র প্রভাবে কালো মেঘে ছেয়ে গেছে চট্টগ্রামের আকাশ। ঝড়ো হাওয়ার সঙ্গে পড়ছে বৃষ্টি। প্রধান সড়কগুলোতে গাড়ির সংখ্যা ক্রমে কমে যাচ্ছে। হেডলাইট জ্বালিয়ে চলছে বেশিরভাগ গাড়ি।
ঘূর্ণিঝড় ‘নাডা’র ক্ষয়ক্ষতি কমানো এবং উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকায় প্রাণহানি রোধে করণীয় নির্ধারণে শনিবার (০৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় সভা করবে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, চট্টগ্রাম।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দুর্যোগকালীন সেবার সঙ্গে সম্পর্কিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ডাকা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার।
এ ছাড়া দেশের প্রধান সমুদ্রবন্দরের চ্যানেল, জেটি, হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট ইত্যাদি নিরাপদ রাখার স্বার্থে শনিবার সন্ধ্যা সাতটায় জরুরি সভা আহ্বান করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেন, বন্দর ভবনে সন্ধ্যা সাতটায় জরুরি সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও আবহাওয়া অধিদপ্তরের সংকেত ভেদে বন্দরের করণীয় সম্পর্কিত গাইডলাইন রয়েছে।
মাসুম/জারিফ





