রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল উল্টে শান্ত (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

নিহত শান্ত’র বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আহত ইমন (১৮) ও মাইনুদ্দিন (১৭) রাজধানীর মুগদা এলাকায় থাকেন।

বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ইমন ও মাইনুদ্দিনের বন্ধু সুমন জানান, ভোরে তারা মোটরসাইকেল ফ্লাইওভারের ওপর দিয়ে চালাচ্ছিলেন। এ সময় চালক ইমন নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি উল্টে যায়।

স্থানীয়রা তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। ইমন ও মাইনুদ্দিন চিকিৎসাধীন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে