কক্সবাজারে মোস্তাক আহমদ (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল ১১টার দিকে সদরের ভারুয়াখালী ইউনিয়নের আনোয়ারা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাক ভারুয়াখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার নুর আহমদের ছেলে।

নিহতের চাচা ইউছুফ আলী জানান, মোস্তাককে ৪/৫ জন দুর্বৃত্ত মারধর করছে এমন খবর পেয়ে তিনিসহ আত্মীয়-স্বজনরা তাৎক্ষণিক আনোয়ারা বাজারে যান।

সেখানে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, কয়েকদিন আগে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে মোস্তাকের মালিকানাধীন দোকান নিয়ে বিষয়ে ঝগড়া হয়।

এরপর থেকে তাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিল ওই যুবকরা। এর জের ধরে হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

হত্যার ঘটনাটি বাজারে জনসম্মুখে ঘটেছে। তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান তিনি।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

হত্যার কারণ উদ্ঘাটন ও হত্যাকারীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

এসএইচ