কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ফের ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল আকৃতির একটি মাছ। সোমবার সকাল থেকে এটি একনজর দেখতে সেখানে উৎসুক লোকজন ভিড় জমায়।
মৎস্যবন্দর আলীপুরের বাচ্চু ফিশের মালিক আবুল হোসেন কাজীর মাছধরা ট্রলারে প্রায় ২০ মণ ওজনের এ মাছটি রোববার গভীর রাতে ধরা পড়লে নাইউরীপাড়া ঘাটে নিয়ে আসা হয়।
এ মাছটির দু’পাশে দুটি পাখার মতো রয়েছে। প্রতিটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট করে। এ ছাড়া লেজ ও মাথার অংশ পর্যন্ত লম্বায় ১২ ফুট। দেখতে অনেকটা শাপলাপাতা মাছের মতো মনে হলেও এটাকে স্থানীয় জেলারা বাদুড় মাছ বলেন। স্থানীয় বাজারে এ মাছটির চাহিদা না থাকায় এক শুঁটকি ব্যবসায়ীর কাছে মাত্র চার হাজার টাকায় বিক্রি করেছে বলে জানা গেছে।
মাছটির ক্রেতা শুঁটকি প্রক্রিয়াজাতকারী আক্কাস উদ্দিন জানান, স্থানীয় মানুষের কাছে এ মাছটির তেমন কদর নেই। তাই এটি শুঁটকি করার পর চট্টগ্রামে চালান করা হবে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, এটি সাধারণত গভীর সমুদ্রে থাকে। মাছটি শাপলাপাতা মাছের প্রজাতি হলেও এর ইংরেজি নাম মন্টা রে ফিশ। সমুদ্রে তাপমাত্রা যে স্থানে বেশি ওই সব স্থানে বসবাস করে। তবে বঙ্গোপসাগর-মালদ্বীপের সমুদ্র সীমানায় বেশি দেখা যায় এ মাছকে।
জেলেদের এ মাছ শিকারে সরকারের কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বাধ্যবাধকতা নেই।
জেআই





