রাঙ্গামাটিতে নির্মাণাধীন ভবনের মাটি কাটতে গিয়ে পাহাড় ধসে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন।

আজ রোববার দুপুর দেড়টার দিকে শহরে সরকারি মহিলা কলেজ সড়কসংলগ্ন কাপ্তাই হ্রদের পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাপ্পু আহমেদ (২২), সেন্টু মিয়া (৩৫) ও আনফর আলী (৭৫)। নিহতদের সবার বাড়ি রাঙ্গামাটি শহরে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি জাহিদুল হক রনি জানান: দুপুরে রাঙ্গমাটি সরকারি মহিলা কলেজ এলাকায় কাপ্তাই হ্রদ ঘেষে পাহাড়ের মাটি কেটে পাকা ভবনের কাজ করতে গিয়ে উপর থেকে নির্মাণ শ্রমিকদের উপর মাটি চাপা পড়ে।

পরে উদ্ধার তৎপরতা চালিয়ে ৩ জনকে মৃত অবস্থায় ও ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ৩ জনকে মৃত ঘোষণা করে মর্গে প্রেরণ করেন।

স্থানীয় পৌর কমিশনার আব্দুল করিম জানান ঐ স্থানে ১১ জন শ্রমিক কাজ করছিল।

অন্যদিকে রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজের সাথে জড়িত বাড়ির মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন।

এর আগে ২০১৬ সালের ৩ অক্টোবর রাঙ্গামাটিতে মহিলা কলেজ এলাকায় দ্বিতল ভবনে ধসের ঘটনায় ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

এএস