চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনী এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিছু কর্মী-সমর্থককে ভোট কেন্দ্র পাহারা দিতে দেখা গেছে। তারা ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে।
ভোটকেন্দ্র পাহারারতরা জানিয়েছেন, ফলাফল ঘোষণার পরেই তারা বিজয় মিছিল করবেন। এমন প্রস্তুতিই নিচ্ছেন তারা।
এর আগে সকাল ৮টা থেকে সিটির কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে যেতে থাকে চিত্র। সরকার দলীয় মেয়র প্রার্থী নাছিরের সমর্থকরা বেশিরভাগ কেন্দ্র দখল করে নেয় বলে অভিযোগ ওঠে।
এসব অভিযোগ তুলে বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে চসিক নির্বাচন বর্জনের সিদ্ধান্তের ঘোষণা দেন বিএনপি নেতা আমির খসরু।
এ ঘোষণার পর থেকে প্রত্যেকটি কেন্দ্রের সামনে অবস্থান নেয় নাছিরের সমর্থকরা। এর আগে তারা কেন্দ্র দখলে নিয়ে অন্যান্য মেয়র প্রার্থী ও কাউন্সিলরের এজেন্টদের বের করে দেয় বলে অভিযোগও ওঠে।
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণার পরেই কেন্দ্র দখলে রেখেছে প্রতিপক্ষরা। এতে নির্বাচনী এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অজানা আতঙ্ক বিরাজ করছে।
নগরীর ইস্পাহানি মোড় এলাকায় অবস্থান নেয়া কয়েকজন যুবক (নাসির সমর্থক) বলেন, তারা ভোট কেন্দ্র পাহারা দিচ্ছেন। ফলাফল ঘোষণার পরই আনন্দ মিছিল বের করার জন্য তারা অপেক্ষা করছেন।
এদিকে, নগরীর পাহাড়তলী কলেজ কেন্দ্রে সরকারদলীয় নাছির সমর্থকদের হামলায় বিএনপির দুই কর্মী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেআই





