দৈর্ঘ্য বাড়ছে মেট্রোরেলের। উত্তরা থেকে মতিঝিল নয়- আরও এক কিলোমিটার পথ বাড়িয়ে কমলাপুর পর্যন্ত যাচ্ছে মেট্রোরেলের সীমানা।
কর্তৃপক্ষ বলছে, চলমান উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের অগ্রগতি হয়েছে ৪৬ শতাংশ। সামনের মাসেই শুরু হচ্ছে এর বৈদ্যুতিক কাজ, নভেম্বরে বসবে রেল লাইন।
প্রকল্পের ডিপো এলাকার ভূমি উন্নয়নের কাজ শতভাগ শেষ হয় গত বছর। এরপর পূর্ত কাজ সম্পন্ন হয়েছে ৫২ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক তিন সাত কিলোমিটার ভায়াডাক্ট এ স্টেশন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে ৫৫ শতাংশ। এতেই দৃশ্যমান হয়েছে স্বপ্নের এ প্রকল্প। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ হয়েছে ১৬ দশমিক পাঁচ শূন্য শতাংশ। তবে রেললাইন, কোচ ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহের কাজ শেষ হয়েছে মাত্র ১৫ দশমিক দশ ভাগ।
বিশেষ পরিকল্পনা মাফিক কাজ করায় অগ্রগতি সন্তোষজনক বলে মনে করে কর্তৃপক্ষ। মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, আশা করি প্রকল্প মেয়াদের এক বছর ছয় মাস আগে আমরা কাজ শেষ করতে পারব।
ইতোমধ্যে চীন থেকে রেললাইন এসে পৌঁছেছে। এসেছে লাইন বসানোর মেশিনও। নভেম্বরেই শুরু হবে রেললাইন বসানোর কাজও। যা ২০২০ এর জুনের মধ্যেই শেষ হবে বলে আশা তাদের। মেট্রোরেলের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ শাহজান বলেন, বাকি যে কাজ আছে সবগুলো কাজ একসঙ্গে শুরু হবে।
তিনি আরো জানান, পরিবর্তন এসেছে নকশাতেও। আরো এক কিলোমিটার বাড়িয়ে মতিঝিলের অংশটি নিয়ে যাওয়া হচ্ছে কমলাপুর পর্যন্ত। আগেই ২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এএস





