বিএনপির গণসমাবেশকে ঘিরে রাজধানীর রাস্তাঘাট প্রায় ফাঁকা। সড়কে যানবাহনের পাশাপাশি পথচারীর উপস্থিতিও তেমন একটা দেখা যায়নি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর, বনশ্রী, টিকাটুলি, মিরপুর, ফার্মগেট, নিউমার্কেট, নয়াপল্টনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে অল্প সংখ্যক বাস থাকলেও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল তেমন একটা দেখা যায়নি। তবে অল্প কিছু অটোরিকশার দেখা গেছে। সড়কে যানবাহন কম থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষ বেশি বিপাকে পড়েছেন।
এদিকে সমাবেশ থেকে বিএনপি যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেজন্য রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যরা সর্তক অবস্থানে রয়েছেন। রাজধানীর প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে।
বিএনপি কর্মীদের অভিযোগ, সমাবেশে আসার পথে পুলিশ ও ক্ষমতাসীনদের বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। অকারণেই তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। অনেকেই ফিরে যেতে বাধ্য হয়েছে। কেউ আবার হেঁটে সমাবেশে এসেছেন।
এবিএস





