চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক বাসে ককটেল হামলার ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার রাতে মামলা দুটি দায়ের হয়।

 

এর মধ্যে একটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, বিশ্ববিদ্যালয় শিবির সভাপতিসহ ২৫ জনের নাম উল্লেখ ৪০/৫০ জন অজ্ঞাত এবং অপরটিতে ১৫/২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে।

হাটহাজারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ইসমাইল জানান, রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রবিউল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামী করা হয়।

মামলাটি তদন্তের জন্য উপ-পরিদর্শক (এসআই) নুরুল হাকিমকে দায়িত্ব দেয়া হয়েছে।

হাটহাজারী থানার এসআই মনজুর আহমেদ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। মামলাটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবু বকর সিদ্দিকুল্লাহ, বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বাপ্পীসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে।

মামলাটিতে ১৯৭৪ সালের ১৫ (৩) ধারা এবং ১৯০৮ সালের বিষ্ফোরক আইনের ৩, ৪ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়। মামলার তদন্তের জন্য এস আই আরিফুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে।

ওসি ইসমাইল বলেন, শিক্ষক বাসে হামলার ঘটনায় ১৫ জন আটক রয়েছে। তাদেরকে যাচাই-বাছাইয়ের পর এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

গত বুধবার বিশ্ববিদ্যালয়গামী ২টি বাসে ককটেল হামলায় শিক্ষকসহ ১৬ জন আহত হন। পুলিশ ও শিক্ষকদের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট আহ্বানকারী ছাত্রশিবির কর্মীরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ