কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির হামলায় ৪ রোহিঙ্গার মৃত্যু হয়ছে; যারা সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে এসেছে।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায় কিসলু জানান, শনিবার বেলা পৌনে ১টার দিকে বালুখালি রোহিঙ্গা শরণার্থী শিবিরের ‘ডি’-ব্লকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে ১ নারী ও ৩ শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- পালংখালীর ১ নম্বর ওয়ার্ড বালুখালীর রোহিঙ্গা বস্তির গহীন পাহাড়ি এলাকায় বাস করা মুহাম্মদ ছিদ্দিকের স্ত্রী তাসলিমা বেগম (৩৫), তার মেয়ে রুবিনা আকতার (১১), সাবেকুন নাহার সাবুকা (৯) ও ছেলে মুহাম্মদ হামিম (৫)।
পরিদর্শক কিসলু বলেন, সম্প্রতি আসা রোহিঙ্গাদের জন্য যেসব নতুন শিবির তৈরি করা হয়েছে তার মধ্যে ‘ডি’-ব্লকের শেষ প্রান্তে বনের কাছে বন্য হাতি এই হামলা চালায়। লাশগুলো ওই শিবিরেই রয়েছে। দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সেদেশের সেনাবাহিনী মুসলিম রোহিঙ্গাদের দমন অভিযান শুরুর পর ৫ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এমবি





