যারা সততা, নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে কাজ করবে তারাই সমাজে প্রতিষ্ঠিত হবে। যারা সাংবাদিকতাকে পেশা হিসেবে নেবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন তারাই ভালো করতে পারবেন।
সবাইকে ন্যায় ও সত্যের পথে থাকা উচিত বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
রোববার নারায়ণগঞ্জে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় তিন দিনের কর্মশালার আয়োজন করা হয়েছে ক্লাবের হানিফ খান মিলনায়তনে।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী আরো বলেন, যারা প্রফেশনাল, তাদের দীর্ঘস্থায়ী বন্ধুও নাই, শত্রুও নাই। আমিও যদি জনগণের বিপক্ষে যাই আপনারা জনগনের পক্ষ নিবেন।
সবাইকে ন্যায় ও সত্যের পথে থাকা উচিত। আমি যে কাজটা করছি যেখানে কাজ করছি ওই কাজটা হচ্ছে আমার সবচেয়ে বড় এবাদত।
মেয়র আইভী বলেন, এ কর্মশালা ধারাবাহিকভাবে করা উচিত। ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জে সাধারণ মানুষের পক্ষে গণমাধ্যম যে ভূমিকা পালন করেছে সে ভূমিকা অন্য কেউ পালন করতে পারেনি। গণমাধ্যমের কারণেই নারায়ণগঞ্জের মানুষজন জেগে উঠেছিল। আপনাদের সে ভূমিকা যেন সব সময় থাকে।
তিনি বলেন, এ পরিবর্তনের যুগে আমরা চাচ্ছি আমাদের দেশ এগিয়ে যাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে চাচ্ছেন। আমরা মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছি। এগুলোর পাশাপাশি আমরা অবশ্যই দুর্নীতিকে না বলবো। সত্যকে প্রতিষ্ঠিত করবো।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, পিআইবির পরিচালক আনোয়ারা বেগম, কর্মশালার সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিয়াজসহ নারায়ণগঞ্জের বিভিন্ন্ ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসএইচ





