গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া এলাকায় একটি নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হচ্ছে- কামাল, জামাল, রাশেদুল, সলেমা, আলমগীর, জালাল, শাহাবুদ্দিন ও নিমাই। অপর দুইজনের নাম জানা যায়নি।
ওই এলাকার এমএস কারখানার মসজিদের দ্বিতীয় তলার ছাদের নির্মাণ কাজ চলাকালে বিকাল ৫টার সময় ওই ভবনের উত্তর অংশের ছাদ ধসে পরে।
এসময় ছাদের নিচে নির্মাণ শ্রমিকরা আটকা পড়ে। আশপাশের লোকজন দ্রুত নিচে আটকাপড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করে।
বেশ কিছু শ্রমিককে উদ্ধার করে স্থানীয় সফিপুর জেনারেল হাসপাতাল ও মডার্ন হাসপাতালে নেওয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটকাপড়া শ্রমিকদের নির্মাণাধীন ছাদের রড কেটে উদ্ধার করে।
কালিয়াকৈর থানার অফিসার ইন চার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে এমএস কারখানার এডমিন অফিসার আনোয়ার হোসেন বলেন, কারখানার মসজিদের দ্বিতীয় তলার ছাদের নির্মাণ কাজ শেষ পর্যায়ে হঠাৎ উত্তর পাশের ছাদের কিছু অংশ ধসে পরে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।
কেএইচ





