বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত হয়েছেন। 

আজ (সোমবার) সকালে উপজেলার শৈলখালে র‍্যাবের সঙ্গে এ কথিত ‘বন্দুকযুদ্ধ’ হয়। সেখান থেকে ২১টি আগ্নেয়াস্ত্র ও ৩৭টি গুলি উদ্ধার হয়েছে বলে জানায় র‌্যাব।

নিহত মো. মোক্তার মোল্লাকে সুন্দরবনের ‘বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড’ বলে দাবি র‍্যাবের।

র‍্যাব-৮ -এর সিও লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার উজ জামান দাবি করেন, সুন্দরবনের দস্যু দমনে নিয়মিত টহলের অংশ হিসেবে আজ ভোর সাড়ে ৬টার দিকে র‍্যাব সদস্যরা বনের শৈলখাল এলাকায় যান। এ সময় সেখানে ওত পেতে থাকা ‘বনদস্যু লিটন বাহিনী’র সদস্যরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান।

“প্রায় আধঘণ্টা ধরে চলা কথিত ‘বন্দুকযুদ্ধে’র একপর্যায়ে ঘটনাস্থলে নিহত হন লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোক্তার।”–বলেছে র‌্যাব-৮।

র‍্যাব কর্মকর্তা আরও দাবি করেন, পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, দু’টি ওয়ান শুটারগান, ১৬টি পাইপগান, ৩৭টি তাজা গুলি’সহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।নিহত যুবকের লাশ শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

এমবি