গত ২২ জানুয়ারি রাজধানীর গুলশান থানা পুলিশ নাদিয়া নামের ৭ বছরের একটি মেয়ে শিশুকে খুজে পেয়েছে। তার বাড়ি ভোলায়।
বর্তমানে সে তেজগাঁওস্থ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)’র ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। এদিকে গত ২৩ দিন যাবৎ নাদিয়ার বাবা-মাকে খুঁজে পাচ্ছে না পুলিশ।
হারানো নাদিয়ার বর্ণনা অনুযায়ী তাহার উচ্চতা আনুমানিক ৪ ফুট। গায়ের রং ফর্সা। হারানোর সময় তার পরনে সবুজ পায়জামা ও গোলাপী রংয়ের গেঞ্জি ছিল। তার বাবার নাম- মো. জাহিদ, মার নাম- শাহনাজ। সে সঠিক ঠিকানা বলতে পারছে না। পরে ঠিকানা জিজ্ঞাসা করলে নাদিয়া অজ্ঞাত কালীবাড়ি রোড দেওয়ানবাড়ি, থানা ভোলা সদর ও জেলা- ভোলা বলছে। যাহা সঠিক নয় বলে জানা যায়।
গত ২২ জানুয়ারি (মঙ্গলবার) গুলশান মডেল থানাধীন কালাচাঁদপুর এনিমা বিল্ডিং সংলগ্ন রাস্তার পাশ থেকে স্থানীয়রা নাদিয়াকে পেয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
এরপর নাদিয়ার হারিয়ে যাওয়া ঘটনায় গুলশান মডেল থানায় গত ২২ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি করা হয়। যার নম্বর-১৪১৬।
কোন হৃদয়বান ব্যক্তি শিশু নাদিয়ার অভিভাবকের সন্ধান জেনে থাকলে তেজগাঁওয়ের ডিএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের ঠিকানায় (ডিউটি অফিসার-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি ০২৯১১০৮৫) যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
শাহীন/এমবি





