কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের কাছ থেকে মাদকদ্রব্যসহ আটককৃত আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহকর্মীরা। এসময় আহত হয়েছেন এস আই হারুন-উর-রশিদ ও কনস্টেবল আজমল।
বুধবার মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার সীমান্ত ঘেষা বেড়াকুটি গ্রাম থেকে ৩৪ বোতল ফেনসিডিলসহ নমিজ উদ্দিনকে (৩৪) আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে আসার সময় বেড়াকুটি নামক এলাকায় নমিজ উদ্দিনের পরিবারের লোকজন এবং মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন। আহতদের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
নমিজ উদ্দিন বেড়াকুটি গ্রামের আব্দুর রশিদের ছেলে। ফুলবাড়ী থানায় পৃথক দুটি মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ায় আসামি নমিজ উদ্দিনসহ ১৬ জন ও অজ্ঞাত নামা আরো ২০ জনের নামে মামলা হয়েছে। এ ছাড়াও মাদক আইনে পৃথক আরো একটি মামলা করা হয়েছে।
এমকে





