আগামী ১২ নভেম্বর কিশোরগঞ্জে জনসভার মধ্যে দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও চেয়ারপারনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক।

খালেদা জিয়ার জনসভা উপলক্ষে সোমবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত জেলা বিএনপির সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড. এম ওসমান ফারুক বলেন, ‘আগামী ১২ নভেম্বর জনসভার মধ্যে দিয়ে চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারেন খালেদা জিয়া। এছাড়া কিশোরগঞ্জে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে এটি।’

জনসভাকে সফল করতে প্রশাসনসহ সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জনসভা সমন্বয় কমিটির আহ্বায়ক শরীফুল আলমসহ ২০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেআই