ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাসেল মিয়া (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত রাসেল মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরনিকি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। তিনি বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ চিকিৎসাধীন ছিলেন। রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার এ সত্যতা নিশ্চিত করেছেন।
ডা. লক্ষ্মী নারায়ণ বলেন, মৃত রাসেল মিয়া বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, শরীরের বিভিন্ন অর্গানের কার্যকারিতা হারিয়ে ফেলার কারণে রাসেলের মৃত্যু হয়েছে। এনিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।
গত ১১ আগস্ট ফরহাদ হোসেন (২০) নামে কিশোরগঞ্জের ইটনা কলেজের শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু জ্বরের ১৮৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ৮৪৪ জন রোগী ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছেন।
জেড





