একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ।
এরই অংশ হিসেবে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে জল্লাদ রাজুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজুকে কারারক্ষীদের প্রহরায় প্রিজন ভ্যানে করে কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
এখন পর্যন্ত জল্লাদদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়নি। তবে জল্লাদ রাজুর নেতৃত্বে নিজামীর ফাঁসি কার্যকরের সম্ভাবনা রয়েছে বলে কারা সূত্রে জানা গেছে।
এদিকে বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, 'নিজামী এখন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেননি। না করলে যে কোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।'
কবে ফাঁসি কার্যকর হবে- এমন প্রশ্নে তিনি বলেন, 'সরকার প্রস্তুত, ফাঁসি কার্যকরের জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন, সেসব চলছে। অপেক্ষা করুন, দেখতে পাবেন।'
এমবি





