সিলেটে শিশু সামিউল আলম রাজন (১৩) হত্যামামলার চার্জশিট আমলে নিয়েছেন আদালত।

শুনানি শেষে মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিম সোমবার সকালে এ চার্জশিট আমলে নেন।

সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট শামসুল ইসলাম জানান, আদালত শুনানি শেষে চার্জশিট আমলে নেন।

একইসঙ্গে চার্জশিটে অভিযুক্ত তিন পলাতক আসামি সৌদিতে আটক কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ ও আরেক হোতা পাভেলকে গ্রেফতারে পরোয়ানা জারিসহ তাদের মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, মামলার পরবর্তী শুনানি ৩১ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

আলোচিত এ মামলায় চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে গ্রেফতার রয়েছেন- আলী হায়দার, মুহিদ আলম, ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নূর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী।

১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়।

এমকে