পাবনার হিমাইতপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের (হিমাইতপুর ধাম) সেবায়েত নিত্যরঞ্জন পান্ডেকে হত্যার ঘটনায় গতকাল শনিবার রাতে আরিফুল ইসলাম (২৩) নামের এক শিবির নেতাকে আটক করা হয়েছে। তিনি সদর উপজেলার চরঘোষপুর গ্রামের বাসিন্দা।

মামলার তদন্ত কর্মকর্তা ও পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, পাবনা সদর উপজেলার বাজিতপুর এলাকার এক বাড়িতে আরিফুল ইসলাম অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

মুন্সী আবু কুদ্দুস আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকের কাছ থেকে সেবক হত্যার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে প্রাতর্ভ্রমণে বের হলে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকে নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিত্যরঞ্জন পান্ডের বাড়ি গোপালগঞ্জ জেলা সদরের আরুয়া কংসু গ্রামে। তিনি প্রায় ৩৫ বছর ধরে পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমে সেবায়েতের দায়িত্ব পালন করছিলেন। ঘটনায় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এমআর