আজ রোববার শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর দেশের আটটি সাধারণ, মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮। যা গত বছরের চেয়ে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি।
মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র এবং ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী।
ঘোষিত সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ৯ জুন। এরপর ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে ২০ জুন শেষ হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা দেখতে আজ সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে যাবেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ প্রথম আলোকে বলেন, এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষাতেও বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। এরপর দিতে হবে সৃজনশীল অংশের উত্তর।
এই দুই অংশের মাঝে সাধারণ বিষয়ের জন্য ১০ মিনিট ও বিজ্ঞানের বিষয়গুলোর জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। এত দিন এমসিকিউ অংশ পরে হতো।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।
এম আর





