টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বেইলী ব্রীজ ভেঙ্গে ৭০০ বস্তা ইউরিয়া সার সহ ট্রাক পানির নিচে তলিয়ে গেছে। গুরুতর আহত হয়েছে ট্রাকের ড্রাইভার ওমর আহমেদ (৪০) ও হেলপার আবু বকর (৩০)।
মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সোয়া বারোটার দিকে টাঙ্গাইল দেলদুয়ার সড়কের সেহড়াতৈল নামক স্থানে ঘটনাটি ঘটেছে ।
প্রত্যক্ষদর্শী জাঙ্গালিয়া গ্রামের খসরু খান ও সাবেক মহিলা ইউপি সদস্য সোমা বেগম বলেন, ৭০০ বস্তা ইউরিয়া সার সহ ১০ চাকার ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-৯১৪১) কাঁপতে কাঁপতে ব্রীজের উপর উঠতে থাকে। প্রায় ৮/১০ ফুট যাওয়ার পর আস্তে আস্তে ব্রীজের পশ্চিম পাশের রেলিং ভেঙ্গে ট্রাকটি পানিতে পড়ে যায়। ট্রাকের ড্রাইভার ও হেলপার কোন রকমে বের হয়ে সাঁতরিয়ে সড়কে উঠে। স্থানীয় জনতা তাদের উদ্ধার করে দেলদুয়ার হাসপাতালে পাঠায়।
তাৎক্ষনিক খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় টাঙ্গাইল জেলা শহরের সাথে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরণের যানবাহন চলাচল।
ট্রাক ড্রাইভার ওমর আহমেদ বলেন, ৭০০ বস্তা ইউরিয়া সার নিয়ে আমরা চট্টগ্রাম থেকে টাঙ্গাইল যাচ্ছিলাম। চট্টগ্রাম থেকে আমাদের দেলদুয়ার হয়ে টাঙ্গাইল যাওয়ার জন্য বলা হয়েছিল। বেইলী ব্রীজে উঠার পর তা ভেঙ্গে ট্রাকসহ আমরা পানিতে পড়ে যাই। কোন রকমে দরজা খুলে প্রাণে বেঁচে আসি। এদিকে আহত ট্রাক ড্রাইভার ও হেলপারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল হাকিম বলেন, আমরা ব্রীজটি দ্রুত মেরামতের জন্য সব ধরণের ব্যবস্থা ইতোমধ্যেই গ্রহণ করেছি। খুব দ্রুত যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ বলেন, রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকলে অধিকাংশ যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করে। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় দেলদুয়ার উপজেলার সাথে টাঙ্গাইল জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যাতে দ্রুত যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
কাওছার/এমই





