নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাওঁ এলাকার একটি বাড়ি উগ্রবাদী আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি। ইতোমধ্যে আস্তানার ভেতর থেকে তিনটি বিকট শব্দে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
গতকাল রোববার (১১ জুলাই) রাত ১০টা ৪৫ মিনিটে প্রথম, এরপর ১০টা ৫৪ মিনিটে ও শেষে ১১টা ৮ মিনিটে তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। প্রতিটি শব্দই ছিল বিকট।
এর আগে রাত ৮টার দিকে নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ি নাম পরিচিত বাড়িটিতে উগ্রবাদী আস্তানা আছে সন্দেহে ঘেরাও করা হয়। এরপর তিনটি বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে বলে এলাকাবাসী জানায়। আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি অনুযায়ী, এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক উগ্রপন্থীকে আটক করে সিটিটিসি। তার তথ্যমতেই চলছে এ অভিযান।
মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা গেছে। চলতি বছরের ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে মামুনের তৈরী বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা সিটিটিসির। রাত পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়িটিতে অভিযান চালাচ্ছিল সিটিটিসি।
এবিএস





