নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের নাজিরপুর জোলার পাড়ে সংস্কারের অভাবে প্রায় ৫০ বছর আগে নির্মিত একটি কালভার্টের এবাটমেন্ট ওয়াল ভেঙ্গে পড়েছে।

কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোন কাজ না হওয়ায় চলাচল স্বাভাবিক রাখতে বাঁশের খুঁটি দিয়ে কালভার্টটি দাঁড় করিয়ে রাখা হয়েছে। অন্য কোন রাস্তা না থাকায় মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে এ পথেই চলাচল করছেন।

স্থানীয়রা জানান, প্রায় ৫০ বছর আগে জোনাইল ইউনিয়নের কামারবিল ও দশপাকিয়া মৌজার মধ্যবর্তি খালের নাজিরপুর মোড়ে কালভার্টটি স্থাপন করা হয়। নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশেপাশের ৪-৫টি গ্রামের লোকজন এ পথে চলাচল করেন।

কিন্তু পুরনো হয়ে যাওয়ায় বছর খানেক আগে কালভার্টটির পুর্বপাশের এবাটমেন্ট ওয়ালের অর্ধেকটা ভেঙ্গে পড়ে। এ ব্যাপারে স্থানীয়রা বারবার উর্দ্ধতন কতৃপক্ষকে জানালেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। তাই বাধ্য হয়ে সম্প্রতি তারা নিজেরাই বাঁশের খুঁটি দিয়ে কালভার্টটিকে দাঁড় করিয়ে রেখেছেন। বর্তমানে জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে এ কালভার্ট দিয়ে চলাচল করছে।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার সেলিম হোসেন বলেন, কালভার্টটি খুব দ্রুত পূণঃনির্মাণ করা দরকার। নইলে যে কোন সময় এটি ধ্বসে পড়ে প্রাণহানীসহ মারাত্বক ক্ষতি হতে পারে।

উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, কালভার্টটি আমাদের আওতাভূক্ত নয়, এটি সম্ভবত এলজিএসপি প্রকল্পে তৈরী। এজন্য আমরা এ কালভার্টটি নিয়ে কিছু করতে পারছি না।

জেএ