বাংলাদেশ থেকে বিভিন্ন ট্রেডে দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে কুয়েত। একইসঙ্গে শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছে দেশটি।

বাংলাদেশ সফররত কুয়েতের আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত গাজীপুরের ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পরিদর্শন করে তাদের এ আগ্রহের কথা জানান।

কুয়েতের আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল সোলাইমান ফাহাদ আল ফাহাদ এর নেতৃত্বে ২৩ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ৫ দিনের জন্য বাংলাদেশ সফর করছেন। প্রতিনিধি দলটি বাংলাদেশে অবস্থানকালে সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের সম্ভাব্যতা যাচাই করবেন।

প্রতিনিধি দলটি মঙ্গলবার সকালে টিটিটিআই’র ক্যাম্পাসে পৌঁছলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুর রহমান খান তাদের স্বাগত জানান। পরে কনফারেন্স হলে টিটিটিআই এর প্রশিক্ষণ কার্যক্রমের উপর একটি ব্রিফিং করা হয় ।

পরে প্রতিনিধি দলের সদস্যরা টিটিটিআই এর প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণ কর্মকাণ্ডের ভূয়সী প্রসংসা করেন। এ সময় তারা বাংলাদেশ থেকে কুয়েতে বিভিন্ন ট্রেডের দক্ষ জনশক্তি  নিতে খুব শীঘ্রই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লেফট্যানেন্ট কর্নেল ওমার আল হাসিনান, মেজর আব্দুল্লাহ মোহাম্মদ আল ইয়াসীন, ক্যাপটেন মোহাম্মদ মাহমুদ হোসেইন, ক্যাপটেন আব্দুর রাহমান আদেল আল আব্দুল আজিজ আল ওমার, ক্যাপটেন মাশাল খালেদ আব্দুল আজিজ আল জানাহী এবং মেজর মোরশেদ আব্দুল্লাহ খালেদ আল জোয়ায়েদ ।

জেআই