বন্দরনগরী চট্টগ্রামে সামান্য সময়ের বৃষ্টিতেও শহরের অনেকস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাত্র আধঘণ্টা সময়ে হালকা বৃষ্টিতে পানি ঢুকে পড়ে নগরীর বাকলিয়া থানার ভেতর। এ ছাড়া নগরীর ষোলশহর, দুই নম্বর গেট, মুরাদপুর এলাকাতেও খানিক সময়ের জন্য জলাবদ্ধতা সৃষ্টি হয়।

বর্ষা শুরু হওয়ার আগেই সামান্য বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় আগামী বর্ষা মৌসুমে ভারি বর্ষণে নগরীর জলাবদ্ধতা কি ভয়াবহ রূপ নিতে পারে এই নিয়ে নগরবাসী শঙ্কিত হয়ে পড়েছে।

নগরীর বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, সামান্য বৃষ্টিতেই থানা কম্পাউন্ডে পানি জমে যায়। পরে পুলিশ সদস্যরা নর্দমা পরিষ্কার করে এই বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা করে।

নগরীর দুই নম্বর গেট এলাকার ব্যবসায়ী সালামত আলী জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে গেছে। বৃষ্টি থেকে যাওয়ার কিছু সময় পর এই পানি কমে যায়। নগরীর সাধারণ মানুষের অভিমত বৃষ্টি শুরু না হতেই যদি শহরে জলাবদ্ধতার দেখা মেলে, তবে বর্ষা হলে নগরীতে যে ভয়াবহ জলজটের সৃষ্টি হবে এই নিয়ে কোন শঙ্কা নেই।

এ ব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন বলেছেন, আমি মেয়র নির্বাচিত হলে আমার প্রথম অগ্রাধিকার ভিত্তিক কাজ হবে নগরীর জলাবদ্ধতার সমস্যা নিরসন করা। এটাই আমার প্রথম এবং প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি।

কেএইচ