করোনাভাইরাসে (কোভিড-১৯) পরিস্থিতির সময় গণপরিবহনের ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা থাকায় ভাড়া বাড়ানোর এই সুপারিশ করে বিআরটিএ’র ভাড়া নির্ধারণ কমিটি।
শনিবার (৩০ মে) সকালে সংস্থাটির ভাড়া সমন্বয় বিষয়ক কমিটি এক বৈঠকে এই সুপারিশ করে। সুপারিশগুলো লিখিতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিআরটিএ চেয়ারম্যান মো: ইউছুব আলী মোল্লা (অতিরিক্ত সচিব) এই তথ্য নিশ্চিত করেন।
ইউছুব আলী মোল্লা বলেন, “আগামীকাল অর্থাৎ ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিবহনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে একটি করে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে। অর্থাৎ যেখানে ৫০ সিট রয়েছে সেখানে ২৫ জন যাত্রী পরিবহন করবে। এতে যাত্রী সংখ্যা অর্ধেকে নেমে আসবে। এক্ষেত্রে যাত্রী সংখ্যা কমলেও পরিবহন ব্যয় কিন্তু একই থেকে যাচ্ছে। আর এই খরচটা কিন্তু কাউকে না কাউকে বহন করতেই হবে। তা না হলে পরিবহন চালানো যাবে না।”
তিনি আরও বলেন, “পরিবহন মালিকদের দাবি ছিল যাত্রী সংখ্যা যেহেতু কমছে তাই ভাড়া ১০০ ভাগ বাড়ানোর জন্য। আমরা সেটা না করে ৮০ ভাগ ভাড়া বাড়ানোর সুপারিশ করেছি। এই ভাড়া সব ধরনের পরিবহনের জন্য প্রযোজ্য হবে। সরকার যদি এটি কার্যকর করে তাহলে পরিবহনগুলোকে তাদের পূর্বে ভাড়ার যে দর ছিল সেই দর থেকে ৮০ ভাগ বাড়াবে।”
করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে বাস, লঞ্চ, ট্রেনসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। আগামীকাল রোববার থেকে ট্রেন ও লঞ্চ চালু হচ্ছে। পরদিন থেকে চলবে বাস।
স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি গণপরিবহন ও ট্রেনে যাত্রী পরিবহনে ১৪ শর্ত দিয়ে নির্দেশিকা জারি করেছিল। তা সমন্বয় করে ১১ শর্তে বাস চালানোর অনুমতি দিয়েছে বিআরটিএ।
শর্তগুলো হলো- বাস টার্মিনালে ভিড় করা যাবে না, তিন ফুট দূরত্ব বজায় রেখে লাইন ধরে টিকিট কাটতে হবে, বাসে উঠার আগে শরীরের তাপমাত্র পরীক্ষা ও হাত ধুতে হবে, বাসে স্যানিটাইজার রাখতে হবে, দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না, ৫০ ভাগ আসন ফাঁকা রাখতে হবে, চালক শ্রমিক ও যাত্রীকে অবশ্যই মাস্ক পরতে হবে, যাত্রার আগে ও পরে বাস জীবাণুমুক্ত করতে হবে, চালক-শ্রমিককে একটানা ডিউটি দেওয়া যাবে না, মহাসড়কে বিরতি দেওয়া যাবে না এবং মালামাল জীবাণুমুক্ত করতে হবে।
সামাজিক দূরত্ব নিশ্চিতে দূরপাল্লার ৪০ আসনের বাসে সর্বোচ্চ ২০ জন যাত্রী নেওয়া হবে। নগর পরিবহনে ৩২ আসনের মিনিবাসে ১৬ জন এবং ৫২ আসনের বাসে ২৬ জন যাত্রী নেওয়া যাবে। এ কারণে ভাড়াও বাড়বে। যে রুটে আগে ১০০ টাকা ভাড়া ছিল তা সোমবার থেকে হতে পারে ১৮০ টাকা।
এমবি





