সিলেটের ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমানের দাফন বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কুমিল্লা মহানগরীর বিঞ্চপুর কবরস্থানে সম্পন্ন হয়েছে।
দুপুর ২টার দিকে মহানগরীর শাহ সুজা মসজিদ প্রাঙ্গণে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
মোস্তাফিজুর রহমান কুমিল্লা মহানগরীর মোগলটুলি এলাকার মৃত নোয়াব আলীর ছোট ছেলে। তিনি স্ত্রী মাসুমা খাতুন, জমজ মেয়ে মাইশা বিনতে মোস্তাফিজ এবং রাইসা বিনতে মোস্তাফিজ নামে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
তিনি কুমিল্লা হাইস্কুল থেকে এসএসসি, কুমিল্লা অজিত গুহ ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে পুলিশ বিভাগে যোগ দেন। তিনি ৮০ দশকে কুমিল্লার নাট্যাঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন।
মোস্তাফিজুর রহমানের ভাইয়ের ছেলে মাকসুদ জুলিয়াস জ্যোতি জানান, বৃহস্পতিবার ভোরে মোস্তাফিজুর রহমানের লাশ কুমিল্লায় এসে পৌঁছে। তার নামাজের জানাজায় কুমিল্লা-৬ আসেনর সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেটের গোয়ালাবাজারে বুধবার শ্রমিকদের সংঘর্ষ থামাতে গিয়ে ওসি মোস্তাফিজ অসুস্থ হয়ে পড়েন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে বিকেল পৌনে ৪টার দিকে তিনি মারা যান।
জেআই





