চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামে গৃহকর্মী ধর্ষণের অভিযোগে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে।

গত ১৫ মার্চ চাঁদপুর আদালতে গৃহকর্মীর মা হাজেরা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গৃহকর্মী ধর্ষণে অভিযুক্ত বিবাদী একই উপজেলার বলশীদ মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমিনুল হক (৫৫)।

অভিযোগে বলা হয়েছে, গৃহকর্মী বলশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। সে বিদ্যালয়ে আসা-যাওয়ার পর প্রিন্সিপালের ঘরে কাজ করত। গত ১৪ ফেব্রুয়ারি গৃহকর্মীকে একা পেয়ে ধর্ষণ করে। পরে গ্রাম্য শালিসী বৈঠকের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা ও হুমকি প্রদান করা হয়।

অভিযোগটি আমলে নিয়ে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শাহরাস্তি থানা পুলিশকে ৭ দিনের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের নির্দেশ প্রদান করেন।

গৃহকর্মীর মা হাজেরা বেগম বলেন, ‘অভিযুক্ত প্রিন্সিপাল মাওলানা আমিনুল হককে গ্রেফতার ও সুবিচার চাই।’

এ বিষয়ে শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশ পেলে সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন প্রেরণ করা হবে।’

 

এমআইএস।