টানা ১০ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রা।

আজ বুধবার (১২ এপ্রিল) বিকেলে এ তথ্য জানায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, গত কয়েক দিন থেকে চুয়াডাঙ্গা ও এর আশপাশের এলাকা দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা ১০ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়। আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে।

তিনি বলেন, বেশ কয়েকটি কারণে জেলাটিতে শীতের সময় বেশি শীত ও গরমের সময় বেশি গরম অনুভূত হয়। এরমধ্যে একটি রয়েছে ভৌগোলিক কারণ। জেলার অবস্থান কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি। আর এ কারণেই শীতের সময় বেশি শীত ও গরমের সময় বেশি গরম অনুভূত হয়।

এ কর্মকর্তা বলেন, এই জেলায় গাছপালা কমে যাওয়ায় উষ্ণতা বাড়ছে। পানির লেয়ার নিচে নেমে যাওয়া এটির অন্যতম কারণ। এ জেলায় অপেক্ষাকৃত কম জলাভূমি রয়েছে। জলাভূমি বেশি থাকলে শীতের সময় তা শীত ধারণ করে ঠান্ডা কমিয়ে দিতে পারে। আর গরমের সময় জলাভূমির স্বল্পতার জন্য আর্দ্রতা ধরে রাখা যায় না। তাই বেশি গরম অনুভূত হয়।

এবিএস