উপমহাদেশে নারীদের প্রথম সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শোকবার্তায় বাংলাদেশের প্রথম নারী স্পিকার প্রয়াত নূরজাহান বেগমকে ‘নারী জাগরণের বাতিঘর’অভিহিত করে বলেন, ‘তিনি আজীবন নারীর কল্যাণে ও সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। নারী জাগরণে তার অবদান চির অম্লান থাকবে।’
স্পিকার নূরজাহান বেগমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান নূরজাহান বেগম। তার বয়স হয়েছিল ৯১ বছর।
৭০ বছর প্রাচীন বেগম পত্রিকার শুরু থেকে এর সম্পাদনায় যুক্ত ছিলেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের মেয়ে নূরজাহান বেগম। বাংলাদেশের নারী সাহিত্যিকদের অনেকের লেখালেখির হাতেখড়ি বেগমের মাধ্যমে।
ওএফ





