বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের একটি কেন্দ্রে প্রকাশ্যে জালভোট দেয়ার অভিযোগে দুই পোলিং এজেন্টকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে খবর পাওয়া গেছে।
আটক এজেন্টরা হলেন- রেজাউল করীম রাজু (২৫) ও পিন্টু মিয়া (২৭)। তাদের বাড়ি ওই ইউনিয়নে।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার তেলিহারা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বগুড়া সদরা থানার এএসআই মোজাম্মেল হক জানান, ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তাজুল ইসলামের পক্ষে প্রকাশ্যে জালভোট দেয়ার অভিযোগে দুই পোলিং এজেন্টকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন ওই মেম্বার প্রার্থীর ভাই।
সহকারী পুলিশ সুপার (হেট কোয়াটার) আনোয়ার হোসেন জানান, সদর উপজেলার তেলিহারা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে প্রকাশ্যে জালভোট দেয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে।
এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরে মাইকিং করে ফের ভোটগ্রহণ শুরু করা হয়েছে।
এমআর





