চট্টগ্রামের হাটহাজারীতে জেএমবির আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের ঘটনায় হাটহাজারী থানায় তিনটি মামলা দায়ের করেছে নগর গোয়েন্দা পুলিশ।
রোববার রাতে অস্ত্র এবং বিস্ফোরক আইনের আলাদা ধারায় মামলা তিনটি দায়ের করা হয়। মামলাগুলোর বাদী হয়েছেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফররুখ আহমেদ মিনহাজ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল জানান, অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার হওয়া তিনজনসহ মোট চারজনকে এসব মামলায় আসামি করা হয়েছে।
‘মামলায় জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সামরিক কমান্ডার ফারদিন ওরফে পিয়াস ও আটক তিন জেএমবি সদস্যকে আসামি করা হয়েছে। অন্যরা আসামিরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. শওকত রাসেল (২৬), নাঈমুর রহমান নয়ন (২৫) ও ফয়সাল মাহমুদ (২৬)। তবে মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে,’ বলেন ওসি।
প্রসঙ্গত, গত শনিবার মধ্যরাতে হাটহাজারী উপজেলাধীন সিটি কর্পোরেশনের ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের জয়নব কমিউনিটি সেন্টারের পেছনে হাজী ইছহাক ম্যানশন নামের একটি দোতলা বাড়িতে অভিযান চালিয়ে আমেরিকার তৈরি একটি এমকে-১১ স্নাইপার রাইফেল, ১৯০ রাউন্ড গুলি, ১০টি ডেটোনেটর, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, দুই কেজি জেল এক্সপ্লোসিভ, সোনাবাহিনীর ১২ সেট পোশাক, নেমপ্লেট ও র্যাংক, ব্যাজ, ডায়েরি, মানচিত্র এবং সাংগঠনিক বিভিন্ন নথিপত্র উদ্ধার করে।
এআই





