শ্রমিকদের পুলিশি হয়রানির প্রতিবাদ ও গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তির দাবীতে কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

কুষ্টিয়া পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে মঙ্গলবার ভোর ৬টা থেকে এই পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

আজও কুষ্টিয়ার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। কুষ্টিয়ার উপর দিয়ে দূরপাল্লার কোনো যাত্রীবাহী পরিবহন চলতে দেখা যায়নি। ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছে যেতে পারছেনা যাএীরা তাদের গন্তব্যে।

কুষ্টিয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম জানান, পুলিশি হয়রানি বন্ধসহ আটককৃত শ্রমিকদের মুক্তির দাবিতে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ পরিবহন ধর্মঘট চলবে।

গত ২৮ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইলে আলহাজ নামক যাত্রীবাহী বাস থেকে মাদক উদ্ধারের পর পরিবহনের সুপার ভাইজার রুবেলকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এই ঘটনাসহ বিভিন্ন সময়ে পরিবহন শ্রমিকদের হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

এএস