রাজশাহী মহানগরীতে যাত্রীবাহী চলন্ত বাস একটি বাড়িতে ঢুকে পড়েছে। এ ঘটনায় ওই বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ২টার দিকে মহানগরীর রাজাপাড়া থানার বহরমপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- বহরমপুর রেলক্রসিং এলাকার রিকশা চালক বাশির হোসেন (৪০) ও তার স্ত্রী রেশমা বেগম (৩৫)। দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, কেয়া পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৭২৮৪) নামে একট বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে যাচ্ছিলো। বহরমপুর এলাকায় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় আরও একটি বাড়িও ক্ষতিগ্রস্ত করেছে। এতে দিপু মিয়া (৪৫) ও চম্পা বেগম (৩৫) নামে অপর একদম্পতি আহত এবং যাত্রীবাহী বাসটির ছয় যাত্রী আহত হয়েছেন।
আহত যাত্রীরা হলেন- ফিরোজ (৪১), শরীফ (২৪), মামুন (৩০), মানিক (৩১), এমদাদুল (৩৪) ও উত্তম (৫২)। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমএনজে





